
লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের মালিকের ভাই জিল্লাল হোসেনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করে আসছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানায় ভেজাল ঘি উৎপাদনের বিভিন্ন আলামত ও প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে শাস্তির আদেশ দেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না বলেও জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :