নেত্রকোণার বারহাট্টা-নৈহাটী সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ | Daily AjKaler Kontho

নেত্রকোণার বারহাট্টা-নৈহাটী সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
নেত্রকোণার বারহাট্টা-নৈহাটী সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

নেত্রকোণার বারহাট্টা উপজেলা সদর থেকে নৈহাটি বাজার পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বছরের পর বছর ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তা সংস্কারে আশ্বস্ত করছে উপজেলা প্রকৌশলী।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার নৈহাটী বাজার জেলার সবচেয়ে বড় গরুর বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে এবাজারে। কিন্তু বারহাট্টা-রামভদ্রপুর-নৈহাটি সড়কের প্রায় আড়াই কিলোমিটার এবং বারহাট্টা সদর থেকে নৈহাটীর মূল সড়কটির অবস্থা নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও আবার ইট-পাথর বেরিয়ে এসে চলাচলকে করেছে ঝুঁকিপূর্ণ। এছাড়াও দুটি সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ উপজেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও নৈহাটি বাজারে যাতায়াত করেন।

মাত্রাতিরিক্ত ভাঙাচোড়া ও খানাখন্দে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীবাহী যানবাহনকে। তাই দ্রুত রাস্তাদুটো সংস্কারের দাবি পথচারী ও স্থানীয়দের।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। তখন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা তাদের।

বারহাট্টা উপজেলা সদর থেকে নৈহাটী বাজার পর্যন্ত এই দুই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এলাকার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম প্রধান পথ। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি স্থানীয়দের।

আজকালের কন্ঠ/আর বি