যবিপ্রবিতে জুলাই আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে স্মারকলিপি | Daily AjKaler Kontho

যবিপ্রবিতে জুলাই আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে স্মারকলিপি


যবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
যবিপ্রবিতে জুলাই আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে স্মারকলিপি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই আন্দোলনে সরাসরি অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই চেতনাধারী শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যেসব ব্যক্তি হত্যা, খুন, গুম, আবাসিক হলে সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদী কার্যক্রমে সহযোগিতা বা প্রশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান বলেন, আমরা আজ মাননীয় উপাচার্য ও প্রো-উপাচার্যের কাছে কয়েকটি দাবি উপস্থাপন করেছি। জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। এছাড়া যেসব শিক্ষক আদালতের রিটের মাধ্যমে পুনর্বহাল হয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করে এবং প্রয়োজনে উচ্চ আদালতে আপিলের বিষয়টি বিবেচনা করে—সেই আহ্বানও জানিয়েছি। জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের বিষয়ে আমরা কোনো আপস চাই না। উপাচার্য ও প্রো-উপাচার্য আমাদের জানিয়েছেন, অভিযোগের সত্যতা ও বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তারা বিবেচনা করবেন।

আজকালের কন্ঠ/আর বি