নড়াইলে মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা | Daily AjKaler Kontho

নড়াইলে মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
নড়াইলে মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা প্রদান করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাস স্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্দবিলা গ্রামের মৃত মো. রাজা মিয়া শেখের ছেলে মো. নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমির সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে পৃথক অভিযানে উপজেলার পাঁচুড়িয়া থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজা, এড়েন্দা বাস স্টান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা, সাইফ শেখকে ২ পিস ইয়াবা ও বিনয় সরকার নামে একজনকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক ইউসুফ শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।