রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। পরিবারের সদস্যদের ভাষ্য, পানিতে পড়ে যাওয়া মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়।

বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মায়েশা আক্তার খন্দকারপাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদুল ইসলাম একই এলাকার টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে দুই শিশু একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় খন্দকারপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।