বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির বিজ্ঞাপন | Daily AjKaler Kontho

বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির বিজ্ঞাপন


জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির বিজ্ঞাপন

বরিশালে বন্যপ্রাণী শিয়াল হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় পশুপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে চরম সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, করাপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে ২৬ নম্বর ওয়ার্ডে একদল ব্যক্তি এই বন্যপ্রাণী গুলো হত্যা করে। পরবর্তীতে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিতর্কিত বিজ্ঞাপন পোস্ট করা হয়।

​মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও পশুপ্রেমী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। দেশের প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে এভাবে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।

এই বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। ইতিমধ্যেই তিনি লোক পাঠিয়েছেন এবং দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি