২০ বছরের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিনাজপুরের রামনগরবাসী, রাস্তা-ড্রেন নির্মাণের দাবি | Daily AjKaler Kontho

২০ বছরের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিনাজপুরের রামনগরবাসী, রাস্তা-ড্রেন নির্মাণের দাবি


মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
২০ বছরের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিনাজপুরের রামনগরবাসী, রাস্তা-ড্রেন নির্মাণের দাবি

দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাজার বাঁশ হাটি থেকে আফসার কন্ট্রাক্টারের বাসা পর্যন্ত সড়কে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে এ দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ পানি মাড়িয়ে চলাচল করায় অনেকের পায়ে চুলকানি, ঘা ও বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এছাড়া পানিতে পিছলে পড়ে হাত-পা কেটে যাওয়ার ঘটনাও প্রায়ই ঘটে।

এলাকাবাসী জানান, জলাবদ্ধতার কারণে শিশুদের স্কুলে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় তাদের বই-খাতা ভিজে যায়। বৃষ্টির সময় অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে। এমনকি স্থানীয় মসজিদেও মুসল্লিদের যেতে জমে থাকা পানি পার হতে হয়। বাজারে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ও দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে।

স্থানীয় সাবিনা, জাহাঙ্গীর, নুর ইসলাম, মোকারম হোসেন জানান, এ এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ দিনমজুর ও নিম্নআয়ের। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা চরম হতাশার মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগ নিরসনে দ্রুত ওই সড়ক সংস্কার এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হোক, যাতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়।

আজকালের কন্ঠ/আর বি