ছয় মাসে নওগাঁয় ৩৯৪ মাদক মামলা, গ্রেফতার ৫২৬; উদ্ধার মাদকের মূল্য ২ কোটি টাকার বেশি | Daily AjKaler Kontho

ছয় মাসে নওগাঁয় ৩৯৪ মাদক মামলা, গ্রেফতার ৫২৬; উদ্ধার মাদকের মূল্য ২ কোটি টাকার বেশি


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
ছয় মাসে নওগাঁয় ৩৯৪ মাদক মামলা, গ্রেফতার ৫২৬; উদ্ধার মাদকের মূল্য ২ কোটি টাকার বেশি

নওগাঁ জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩৯৪টি মামলা দায়ের করেছে জেলা পুলিশ। একই সময়ে এসব মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা ৬০৮ জন এবং গ্রেফতার করা হয়েছে ৫২৬ জনকে।

নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত ছয় মাসের (জানুয়ারি–জুন ২০২৬) পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ২৩৯ পিস ইয়াবা, ২২৩ দশমিক ১৯ কেজি গাঁজা, ১৯ কেজি গাঁজা গাছ, ১ হাজার ১৬ পিস অ্যাম্পুল, ৮ হাজার ৭৮ দশমিক ২ লিটার চোলাই মদ, ৩ হাজার ২৯৬ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ৪ বোতল বিদেশি মদ এবং ১৯ হাজার ৬৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এ ছাড়া একই সময়ে পরিচালিত ১৭২টি মোবাইল কোর্ট অভিযানে ২০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও মাদক কারবার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।