মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মীরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির পরিত্যক্ত গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মীরসরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ/আর বি