
কুমিল্লা বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে বুড়িচং উপজেলার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু ও লিটনের নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য, অনলাইন গণমাধ্যম ‘চ্যানেল এইচডি২৪’-এর সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সদস্য। গত ৩০ জুন তিনি উপজেলার বারেশ্বর এলাকার কথিত মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন।
অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জেরে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বারেশ্বর চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গালিগালাজ করা হয় এবং শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।
অভিযোগে বলা হয়েছে, খোকন, খসরু, লিটনসহ আরও কয়েকজন তাঁকে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। হামলার সময় তাঁর পরিহিত শার্টও ছিঁড়ে যায়।
এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের স্মার্টফোন ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক গোলাম কিবরিয়া বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “সাংবাদিক কিবরিয়ার হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :