পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে রাজউক সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লটের গ্রহীতা ও প্রতিনিধিরা অংশ নিয়ে প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা এবং ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে নির্মাণ করা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে মানুষের বসবাসের আগ্রহ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান তিনি।

সভায় প্রতিমন্ত্রী পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও রাজউকের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি