মেসি আরও গোল করুক, কিন্তু আমি চাই ট্রফি: এমবাপ্পে | Daily AjKaler Kontho

মেসি আরও গোল করুক, কিন্তু আমি চাই ট্রফি: এমবাপ্পে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
মেসি আরও গোল করুক, কিন্তু আমি চাই ট্রফি: এমবাপ্পে

বিশ্বকাপের গোলসংখ্যার রেকর্ডে লিওনেল মেসির ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ফরাসি ফরোয়ার্ডের কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরাই এখন মূল লক্ষ্য।

মঙ্গলবার (৩০ জুন) রাউন্ড অব ৩২-র ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি করে ফেলেছেন। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যাকে নিয়ে গেছেন ১৮-তে। আর মাত্র ১টি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপে মেসির করা সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ড।

ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে ১৮ ম্যাচে ১৮ গোল করা এমবাপ্পে সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া—১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং ট্রফি নিয়ে ফেরা। আমরা জেতার জন্যই খেলছি এবং প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। অবশ্যই আপনি যত বেশি গোল করবেন, র‍্যাংকিংয়ে তত ওপরে উঠবেন—এখানে নতুন করে বলার কিছু নেই।’

রেকর্ড নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘তবে আমি নিশ্চিত যে লিও (মেসি) আরও গোল করবে, তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ পরবর্তী প্রতিপক্ষ এবং আমাদের মূল লক্ষ্য—ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি, তার ওপর।’

আগামী শুক্রবার (৩ জুলাই) রাউন্ড অব ৩২-র ম্যাচে দুর্বল কেপ ভার্দের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সের পরবর্তী লড়াই প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে আরেক স্বাগতিক দেশ কানাডা অথবা মরক্কোর।

প্যারাগুয়ে গত সোমবার (২৯ জুন) অতি-রক্ষনাত্মক কৌশল অবলম্বন করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে বিদায় করেছে। স্বভাবতই আগামী শনিবার (৪ জুন) ফিলাডেলফিয়াতে ফ্রান্সের বিরুদ্ধেও তারা একই রক্ষণাত্মক কৌশলে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ফরাসিরা। এমবাপ্পে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘প্যারাগুয়ে ম্যাচের আগে আমাদের ঘাটতিগুলো নিয়ে আরও কাজ করতে হবে। খেলার কিছু জায়গায় এখনও স্পষ্টতার অভাব রয়েছে এবং উন্নতির সুযোগ আছে।’

দলগত পারফরম্যান্স নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ইতিবাচক। গোল করার সামর্থ্য থাকায় ম্যাচের যেকোনো মুহূর্তে লিড নেওয়ার সুযোগ আমাদের রয়েছে।’

আজকালের কন্ঠ/আর বি