দুমকিতে সার-বীজ-চারা বিতরণ, ফল মেলার উদ্বোধন | Daily AjKaler Kontho

দুমকিতে সার-বীজ-চারা বিতরণ, ফল মেলার উদ্বোধন


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৩:০১ অপরাহ্ন
দুমকিতে সার-বীজ-চারা বিতরণ, ফল মেলার উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং উপজেলা পর্যায়ের ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সার, বীজ ও চারা বিতরণ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একইসঙ্গে উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি