খানসামায় ১৬৭৫ হেক্টর জমিতে পাট চাষ, কৃষকের মুখে হাসি | Daily AjKaler Kontho

খানসামায় ১৬৭৫ হেক্টর জমিতে পাট চাষ, কৃষকের মুখে হাসি


​মোঃরব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
খানসামায় ১৬৭৫ হেক্টর জমিতে পাট চাষ, কৃষকের মুখে হাসি

দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে ১৬৭৫ হেক্টর জমিতে পাটের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পাটের ভালো দাম পাওয়ার আশায় স্থানীয় কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক। তবে কৃষকদের একাংশের দাবি, মৌসুমের শুরুতে অতিরিক্ত আগাম বৃষ্টি না হলে ফলন আরও বেশি ভালো হতো।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষ্যমাত্রা অনুযায়ী রেকর্ড পরিমাণ জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষ করা হয়েছে। সঠিক সময়ে বীজ বপন, সার প্রয়োগ এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির কারণে মাঠের পর মাঠ এখন সবুজে ছেয়ে গেছে।

​কয়েকজন স্থানীয় চাষির সাথে কথা বলে জানা যায়, এবার পাটের গাছ বেশ পুষ্ট ও লম্বা হয়েছে। তবে তারা জানান, “বীজ বপনের পর পর যদি আগাম বৃষ্টি না হতো, তাহলে পাটের বৃদ্ধি ও মান আরও চমৎকার হতো। তারপরও বর্তমান অবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট এবং আশাবাদী।”

​এ বিষয়ে খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “চলতি মৌসুমে খানসামায় পাট চাষ মোটামুটি বেশ ভালো হয়েছে। কিছু এলাকায় আগাম বৃষ্টির কারণে সাময়িক একটু সমস্যা হলেও সামগ্রিকভাবে পাটের ফলন সন্তোষজনক। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি। আশা করছি, কৃষকরা এবার পাটের ভালো দাম পাবেন।”

​উপজেলায় পুরোদমে পাট কাটা ও জাগ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বাজার দর ভালো থাকলে গত কয়েক বছরের তুলনায় এবার পাটের ভালো লাভ ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট চাষিরা

আজকালের কন্ঠ/আর বি