ভবানীগঞ্জে মসজিদের সিন্দুক ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য | Daily AjKaler Kontho

ভবানীগঞ্জে মসজিদের সিন্দুক ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য


জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ভবানীগঞ্জে মসজিদের সিন্দুক ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় একটি মসজিদের সিন্দুক ভেঙে আনুমানিক এক লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর বিকেল আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজিনী জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় মুসল্লিদের দেওয়া দান এবং পূর্বে জমা হওয়া অর্থসহ সিন্দুকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা সংরক্ষিত ছিল। জুমার নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে চলে গেলে কিছু সময়ের জন্য মসজিদটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে সিন্দুক ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরে আসরের নামাজের আগে মসজিদে এসে ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা সিন্দুকটি ভাঙা অবস্থায় দেখতে পান। সিন্দুকের ভেতরে থাকা কোনো টাকাই তখন আর পাওয়া যায়নি। মসজিদ কমিটির সদস্যদের দাবি, সিন্দুকে আনুমানিক এক লাখ টাকার মতো ছিল।

মসজিদ কমিটির এক সদস্য জানান, ‘জুমার নামাজের পর সবাই চলে যাওয়ার কিছু সময়ের মধ্যেই এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। দিনের আলোতে একটি মসজিদে এ ধরনের চুরি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।’

ধর্মীয় প্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে।

আজকালের কন্ঠ/আর বি