মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই দেবিদ্বারে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে: অলিউল্লাহ তুহিন | Daily AjKaler Kontho

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই দেবিদ্বারে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে: অলিউল্লাহ তুহিন


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই দেবিদ্বারে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে: অলিউল্লাহ তুহিন

মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ওলি উল্লাহ তুহিন। তিনি বলেন, “জয়-পরাজয় বড় কথা নয়। ফুটবলের এই উৎসবমুখর পরিবেশ আমাদের সৌহার্দ্য ও ঐক্যকে আরও দৃঢ় করবে। ভবিষ্যতেও যুব সমাজের যেকোনো ভালো উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।”

কুমিল্লা দেবিদ্বারের ইউসুফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত ইউসুফপুর প্রবাসী ও যুব সমাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকার শতশত দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ যেন এক মিনি স্টেডিয়ামে পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ওলি উল্লাহ তুহিন।

প্রবাসীদের এই ব্যতিক্রমী ক্রীড়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জনের পাশাপাশি দেশের মাটি ও এলাকার তরুণদের প্রতি আমাদের ভাইদের যে ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে, এই আয়োজন তারই প্রতিফলন। এই মাঠ থেকেই একদিন আগামী দিনের উজ্জ্বল নক্ষত্ররা উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে দেশ ও জাতির জন্য অবদান রাখবে।”

ইউসুফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি ডা. মো. আবু বক্কর-এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. ওবায়েদ উল্লাহ সরকার-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম (এলএলবি)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন সরকার, সাবেক মেম্বার মো. বিল্লাল হোসেন, মো. নোয়াব সরকার, মো. মোসলেমুল হক, মো. নাছির সরকার, মো. শাহ-আলম মুন্সি এবং মো. মানিক সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে ওলি উল্লাহ তুহিনসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল তুলে দেন।

প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি এলাকায় নতুন করে ফুটবল উন্মাদনা সৃষ্টি করেছে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি