
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার এলাকায় মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইকরচালী বাজার এলাকার রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :