
পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির গরু আনতে বের হন মজিবর সরদার। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের বাম পাশের একটি অংশ ঝলসে যায় বলে জানা গেছে।
নিহত মজিবর সরদার ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আপত্তির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :