সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার | Daily AjKaler Kontho

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম এমরান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের বাসিন্দা এবং ছদরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাহমিদা বেগম মোহনাকে শাবল দিয়ে আঘাত করেন এমরান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রোববার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়। নিহত মোহনা দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরিফুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তাদের দাবি, অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উপস্থাপন করে হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আজকালের কন্ঠ/আর বি