ইবিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ | Daily AjKaler Kontho

ইবিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’


ইবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
ইবিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

শনিবার (১৬ মে) বিকেলে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের তিনটি নিবন্ধিত সংগঠনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, “আজকে আমি আরেকটি ইনিশিয়েটিভ নিয়েছি। যেটি আমাদের মাননীয় উপ-উপাচার্য এবং ট্রেজারার মহোদয় জানেন। জুলাই অভ্যুত্থানের যারা শহীদ, তাদের ব্যাপারে দুই-একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। হলের নামকরণও হয়েছে সম্ভবত। আমরা একটা পদক্ষেপ নিয়েছি, ইনশাআল্লাহ আমাদের মেইন ফটকের সামনে যে স্পেসটা আছে, এখানে জুলাই শহীদদের উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ইনশাল্লাহ অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি খুব শিগগিরই কার্যকর হবে।”

ক্যাম্পাসের অন্যান্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, “আমাদের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধ রয়েছে। ১৯৫২ সালে যারা ভাষা আন্দোলন করেছেন তাদের স্মৃতিস্তম্ভ রয়েছে। এই বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন, যার হাত দিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—তারও ভিত্তিপ্রস্তর স্থাপন এখানে রয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি