বরিশালে হাতেম আলী কলেজের সামনে সড়ক-ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে | Daily AjKaler Kontho

বরিশালে হাতেম আলী কলেজের সামনে সড়ক-ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বরিশালে হাতেম আলী কলেজের সামনে সড়ক-ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে

বরিশাল নগরীর ব্যস্ততম এলাকার একটি হাতেম আলী কলেজ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে একটি নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ। সড়ক ও ফুটপাতজুড়ে ইট, বালু, রডসহ নির্মাণসামগ্রী রেখে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের নামে নিয়ম ভেঙে সড়ক ও ফুটপাত দখল করে রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। প্রতিদিনই কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
একাধিক পথচারী জানান, ফুটপাত দখল থাকায় বাধ্য হয়ে সড়কে নামতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া নির্মাণসামগ্রীর কারণে রাস্তার একাংশ সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এবং নগর ভবনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, দ্রুত দখলমুক্ত করে সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দিতে হবে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এবং নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে।

আজকালের কন্ঠ/আর বি