
পটুয়াখালীর বাউফলে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাজমা বেগম সভা পরিচালনা করেন।
সভায় ইউএনও সালেহ আহমেদ বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও কম খরচে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। তিনি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন এবং জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইউনিয়ন পরিষদ পর্যায়ে বিচারিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, প্রতারণা, ঝগড়া-বিবাদ, ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নারীর শালীনতাহানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়।
সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :