মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড | Daily AjKaler Kontho

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১মে) রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে অরবিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য সঙ্গে রাখার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের রাতেই মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি