বরিশালে ওয়েভ ফাউন্ডেশন ও ডি ডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বরিশালে ওয়েভ ফাউন্ডেশন ও ডি ডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
বরিশালে ওয়েভ ফাউন্ডেশন ও ডি ডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০” প্রকল্পের আওতায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বরিশালের সিয়ামুন চাইনিজ রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

এসময় ওয়েভ ফাউন্ডেশন এর উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি ও কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট মোঃ সাইফুর রহমান।

এই কার্যক্রমটি ওয়েভ ফাউন্ডেশন এবং ডি ডব্লিউ (DW) একাডেমি-র যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণদের নীতিনির্ধারণী আলোচনায় সম্পৃক্ত করা।

সভায় বরিশালের ৪টি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এবং সংস্থাগুলোর তরুণ সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন। স্থানীয় সংস্থাগুলোর মধ্যে উপস্থিত ছিলেন, মানবি’র সভাপতি আফসানা মিম। সিডিএস এর নির্বাহী পরিচালক সামিয়া আলি আন্না। সহচরী এর সভাপতি ফারজানা ফেরদৌস। এছাড়াও আইসিডিএ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি বলেন, “আমাদের এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।” তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের আগামী দিনের পথচলা আরও মসৃণ ও ফলপ্রসূ হবে।”

মতবিনিময় সভায় ওয়েভ ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে এবং তাদেরকে নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করছে।”
তিনি আরও জানান, বর্তমান সময়ে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা সময়ের দাবি।

ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট মোঃ সাইফুর রহমান জানান, তরুণদের মধ্যে তথ্য যাচাইয়ের (Fact-checking) সঠিক দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এ ধরনের উদ্যোগ তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় পর্যায়ের সিভিল সোসাইটি অরগানাইজেশান (সিএসও) এর তরুণ সেচ্ছাসেবী এবং আঞ্চলিক গণমাধ্যমের মধ্যে সংলাপ ও পারস্পরিক অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীতে একটি বিশেষ বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা আরও নিবিড় প্রশিক্ষণের সুযোগ পাবেন।

আজকালের কন্ঠ/আর বি