বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে ৫ গরু চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার | Daily AjKaler Kontho

বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে ৫ গরু চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার


জাফর ইকবাল: শেরপুর বগুড়া প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে ৫ গরু চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে ৫টি গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৯ এপ্রিল) উপজেলার মির্জাপুর ফ্লাইওভার এলাকা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং লুট হওয়া ৫টি গরুর মধ্যে ২টি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৩৪), মোঃ সবুজ (২৮), আব্দুল আলিম (৩৮), আব্দুর রহমান ওরফে রানা (৩৫) এবং আকাশ (২৪)। তারা বগুড়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি শেরপুর উপজেলার এক কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে গভীর রাতে ৫টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। ঘটনার পরপরই পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে বুধবার ভোরে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান, চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাকি ৩টি গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস