ময়মনসিংহে এতিম দুই বোনের জমি দখল অভিযোগে সালিশ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে এতিম দুই বোনের জমি দখল অভিযোগে সালিশ


ময়মনসিংহ ব্যুরো চীফ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে এতিম দুই বোনের জমি দখল অভিযোগে সালিশ

ময়মনসিংহ সদর উপজেলার ১৩নং ঘাগড়া ইউনিয়নের পাড়াইল মধ্যপাড়া জামে মসজিদের পাশের ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন করে আলোচনায় এসেছে। মৃত হুসেন আলীর এতিম দুই মেয়ে রাবেয়া ও লাকী আক্তারের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শফি, রাজ্জাক, আকবর, সেলিম ও শিল্পীসহ কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে জমিটি দখল করে ভোগদখল করে আসছেন। এ নিয়ে অতীতে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় স্থানীয়ভাবে একটি সালিশি মজলিস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি জলিল ফকির। উপস্থিত ছিলেন ১৩নং ঘাগড়া ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাফিজ, সাবেক মেম্বার বাবুল মিয়া, যুবদল নেতা জনি মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সালিশে অভিযুক্ত পক্ষকে উপস্থিত থাকার জন্য পূর্বঘোষণা দেওয়া হলেও, পূর্বের মতো এবারও শফি বা তার পরিবারের কেউ উপস্থিত হননি। পরে প্রতিনিধিরা শফির বাড়িতে গেলে তার ছেলে তোফাজ্জল হোসেন সাগর জানান, তারা সালিশের বিষয়ে অবগত ছিলেন না। পাশাপাশি ঘর পোড়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “ঘর আমরা পুড়াইনি, তারা নিজেরাই পুড়িয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”

সালিশি বৈঠকে উপস্থিত মাতব্বররা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত ৮টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন, যাতে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারে।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, “দলিল যার, জমি তার—দখলবাজদের দিন শেষ।” পরিশেষে, সমাধানের আশাবাদ ব্যক্ত করে সভাপতি জলিল ফকির সালিশি মজলিসের সমাপ্তি ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/আর বি