
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার পশ্চিম মহেষকুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম নান্দাইল মডেল থানাধীন হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী মোছাঃ সুরাইয়া আক্তার মীম (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার চন্ডিবের এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুর হোসেন এবং মাতার নাম রোকিয়া বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক পরিবহন ও বেচাকেনার একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। গ্রেফতারকৃত আসামি সেই চক্রের সদস্য কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তাহলেই কেবল মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :