
নওগাঁর আত্রাই উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত এক চাঞ্চল্যকর ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী মোঃ রেজাউল মন্ডল (৩২) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২২ ই এপ্রিল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক নাটকীয় অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল পাওনাদার মো: রাকিবুল ইসলাম জনি (২৬), পিতা মো. সহিম মন্ডল, গ্রাম : চকপাড়া আমরুল কসবা, টাকা চাইতে গেলে বিবাদী রেজাউল মন্ডল হঠাৎ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করে। মামলার নম্বর- ১৪, তারিখ: ১৯/০৪/২০২৬; ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী এজাহারে ১ নম্বর আসামী করা হয় মোঃ রেজাউল মন্ডলকে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামী আত্মগোপনে ছিল। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার একটি চৌকস টিম মালিপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে রেজাউল মন্ডল পালিয়ে নিকটস্থ নদীতে ঝাঁপ দেয়। তবে পুলিশের ধাওয়া অব্যাহত থাকায় কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :