নওগাঁর সুলতানপুরে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ | Daily AjKaler Kontho

নওগাঁর সুলতানপুরে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩


নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
নওগাঁর সুলতানপুরে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে ও পরদিন দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নওগাঁ সদর থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়ায় গত কয়েকদিন ধরে মারামারি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহাগ হোসেন (৩০), মো. শাহীন আলম (২৭) এবং মো. ওসমান গনি ওরফে রনি (২৭)। সর্ব সাং সুলতানপুর জেলে পাড়া এলাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,সকল ভয়ানক আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখল, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি