উন্নয়ন প্রকল্পে শৃঙ্খলা আনতে রায়পুরে পর্যালোচনা সভা | Daily AjKaler Kontho

উন্নয়ন প্রকল্পে শৃঙ্খলা আনতে রায়পুরে পর্যালোচনা সভা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
উন্নয়ন প্রকল্পে শৃঙ্খলা আনতে রায়পুরে পর্যালোচনা সভা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা কার্যালয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পৌরসভার আওতাধীন বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি পৌরসভা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব জনাব কবির আহামদ।

সভায় রায়পুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি, সমস্যাবলি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে চলমান উন্নয়ন কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকল ঠিকাদারকে পেশাদারিত্বের সাথে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি