নববর্ষ উপলক্ষে বিজয়-২৪ হলে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন | Daily AjKaler Kontho

নববর্ষ উপলক্ষে বিজয়-২৪ হলে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নববর্ষ উপলক্ষে বিজয়-২৪ হলে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পহেলা বৈশাখ উপলক্ষে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারের উদ্যোগে প্রীতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়-২৪ হলের ছয়টি দল, কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের একটি করে দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টায় বিজয়-২৪ হলের দক্ষিণ গেইটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মধ্যরাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। খেলা শেষে অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

খেলায় উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মোহাম্মদ হারুন এবং শিক্ষক সমিতির সদস্যসচিব জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এবং সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

খেলায় অংশগ্রহণ করা বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মাহবুব হাসান বলেন, “এই সুন্দর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। তাদের উদ্যোগে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে, পারস্পরিক সম্পর্ক উন্নত করে এবং সৌহার্দ্য ও ঐক্যের চেতনা জাগ্রত করে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকে, একঘেয়েমি দূর হয়। আমরা চাই ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং সবাই খেলাটি উপভোগ করুক।”

খেলার আয়োজক আবুল বাশার বলেন, “বিজয়-২৪ হলের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে হলের ছয়টি দল অংশগ্রহণ করেছে। পাশাপাশি নজরুল হল ও দত্ত হল থেকে একটি করে দল অংশ নিয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ছাত্ররাজনীতির বার্তা পৌঁছে দেওয়া, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার উৎসাহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি