মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু | Daily AjKaler Kontho

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু


এস এম তানবীর প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু

॥ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে যান। এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, “আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।”

আজকালের কন্ঠ/আর বি