সাতক্ষীরার আশাশুনি মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

সাতক্ষীরার আশাশুনি মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত, হাসপাতালে ভর্তি


মোঃ আতিয়ার রহমান , সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
সাতক্ষীরার আশাশুনি মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত, হাসপাতালে ভর্তি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ বিল্লাল হোসেন (২৬) নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে শ্রীউলা চৌধুরী বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীউলা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন স্থানীয় কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে একই গ্রামের অভিযুক্ত মোঃ রাজু (৩৮), পিতা- মৃত হাকিম সরদার; মোঃ তৈয়বুর রহমান (৩২), পিতা- ফারুক সরদার; মোঃ রনি (২৭), পিতা- শফিক সরদারসহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়।

হামলার সময় শ্রীউলা গ্রামের ১নং অভিযুক্ত মোঃ রাজু (পিতা- মৃত হাকিম সরদার) একটি ধারালো কুড়াল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য তিনি হাত দিয়ে ঠেকালে তার বাম হাতে গুরুতর কাটা জখম হয়, যা পরবর্তীতে চিকিৎসকের মাধ্যমে সেলাই দেওয়া হয়। এ সময় শ্রীউলা গ্রামের ২নং অভিযুক্ত মোঃ তৈয়বুর রহমান (পিতা- ফারুক সরদার) তার গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া শ্রীউলা গ্রামের ৩নং অভিযুক্ত মোঃ রনি (পিতা- শফিক সরদার) ও অন্যান্যরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। হামলাকারীরা বিল্লালের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত বিল্লাল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সাক্ষী হিসেবে একই গ্রামের খাদিজা খাতুন (স্বামী- মোঃ কামরুল সরদার) ও কবরী খাতুন (পিতা- মোঃ কামরুল সরদার)সহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে তার বোনের মাধ্যমে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আশা করছেন ভুক্তভোগী পরিবার।

আজকালের কন্ঠ/আর বি