
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক পৃথক অভিযানে মাদক সেবন, এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মুরাদনগর ইউনিয়নে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুই ব্যক্তিকে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ৯ এপ্রিল ২০২৬ কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুন্ধরার এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
৮ এপ্রিল ২০২৬ পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ৭ এপ্রিল ২০২৬ দিনব্যাপী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মুরাদনগর সদরের ইউসুফনগর, শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৪টি ড্রেজার এবং প্রায় ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। একই অভিযানে অবৈধ মাটি কাটার অপরাধে দায়ের করা একটি মামলায় চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :