
ময়মনসিংহ নগরীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ রাত্রিকালীন অভিযান চালিয়ে চিহ্নিত পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
রাত্রিকালীন এই অভিযানে নগরীর বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চিহ্নিত পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নগরীতে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে বলে মনে করছেন সচেতন মহল।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :