
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে চরএলাহী ইউনিয়নের চরএলাহী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মৎস্য অফিসার মো. হারুন-অর রশীদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কোস্ট গার্ড নোয়াখালী পেটি অফিসার খলিলুর রহমান, বেগমগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুষ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার।
আলোচনা সভায় বক্তারা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। জাটকা নির্বিচারে আহরণ বন্ধ করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতি ও মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে।
তারা জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাটকা সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :