১৮ কোটি টাকায় রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌর অংশের নির্মাণ কাজ উদ্বোধন | Daily AjKaler Kontho

১৮ কোটি টাকায় রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌর অংশের নির্মাণ কাজ উদ্বোধন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
১৮ কোটি টাকায় রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌর অংশের নির্মাণ কাজ উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌরসভা অংশের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

প্রকল্পের আওতায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে রায়পুর থানা মোড় হয়ে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাথ ও স্ট্রিট লাইটসহ আরসিসি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা নদীমা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং বিটুমিনাস কার্পেটিংয়ের কাজও করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে পৌরবাসীর চলাচল সহজ হবে, যানজট কমবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার। সংশ্লিষ্টরা জানান, কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

এসময় রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিস, যুবদল নেতা আরমানসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি