গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ | Daily AjKaler Kontho

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


এ,এস,মামুন গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ বস্তা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুত করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জনসম্মুখে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি