ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬ পেশাদার ছিনতাইকারী আটক, স্বস্তি ফিরছে জনমনে | Daily AjKaler Kontho

ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬ পেশাদার ছিনতাইকারী আটক, স্বস্তি ফিরছে জনমনে


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬ পেশাদার ছিনতাইকারী আটক, স্বস্তি ফিরছে জনমনে

ময়মনসিংহ নগরীতে ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনা রোধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পৃথক পৃথক স্থান থেকে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—হিরা, জিসান, সাকিব হোসেন রিদয়, আলামিন প্রান্ত ও দেলোয়ার হোসেনসহ মোট ৬ জন। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং বেশ কিছুদিন ধরে নগরীর নির্জন এলাকা ও জনবিরল সড়কে অবস্থান নিয়ে পথচারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল।

পুলিশ আরও জানায়, এই চক্রটি বিশেষ করে ভোরবেলা মানুষ কম থাকা সময়কে টার্গেট করতো। কর্মস্থলে যাওয়ার পথে একা চলাচলকারী মানুষ, শ্রমজীবী ব্যক্তি, ভোরের নামাজ শেষে বাড়ি ফেরা মুসল্লি এবং অফিসগামীদের তারা টার্গেট করতো। ছিনতাইয়ের সময় তারা ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আগেও একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে নগরীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ তাদের ওপর নজরদারি বাড়ায় এবং অবশেষে সফল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ছিনতাই, মাদক ও চুরি প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নগরীর বাসিন্দারা মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে ছিনতাই ও অপরাধ অনেকটাই কমে আসবে।

আজকালের কন্ঠ/আর বি