ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের ফারুকী পার্কের ‘অবকাশ’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ফারুকী পার্কে অবস্থিত শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন,জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়া।

শ্রদ্ধা নিবেদন শেষে কাউতলি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নোমান মিয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দিবসটি পালনে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি