
কিশোরগঞ্জ থানার বাহাগিলি স্টিল ব্রিজ এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এক তরুণী ও এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। তবে ঘটনার পর মূল অভিযুক্ত যুবককে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আটককারীদের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ বিকেলে স্টিল ব্রিজের নির্জন স্থানে এক তরুণী ৫ জন যুবকের সঙ্গে সন্দেহজনকভাবে অবস্থান করছিল। তাদের গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন যুবক সেখানে উপস্থিত হলে বিষয়টি জানাজানি হয়। জনতার উপস্থিতি টের পেয়ে ৫ যুবকের মধ্যে ৪ জন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও এক যুবক ও ওই তরুণীকে জনতা আটকে ফেলে।
আটককৃত তরুণী ও যুবকের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তারা ওই এলাকার বাইরের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্জন ব্রিজের ওপর তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, যা সামাজিক পরিবেশের জন্য অবমাননাকর। টাকার বিনিময়ে রফাদফার অভিযোগ ঘটনার সবচাইতে বিতর্কিত দিকটি উন্মোচিত হয় আটকের কিছুক্ষণ পর।
অভিযোগ উঠেছে, যারা যুবকটিকে আটক করেছিল, তারা আইনগত ব্যবস্থা না নিয়ে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, বড় অংকের টাকার বিনিময়ে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার সচেতন মহল এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, একদিকে যেমন ব্রিজের ওপর এমন অসামাজিক কাজ যুবসমাজের অবক্ষয় ডেকে আনছে, অন্যদিকে অপরাধীকে আইনের হাতে তুলে না দিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :