ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৫:০১ অপরাহ্ন
ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয় (ইউএনওডিসি) এবং পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এই সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

এ ছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসে তার ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি