
পবিত্র রমজান-২০২৬ উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, ময়মনসিংহ। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত স্থানে নির্দিষ্ট মূল্যে ডিম ও মাংস বিক্রির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ময়মনসিংহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচি রমজান মাস জুড়ে নির্দিষ্ট সময় ও স্থানে পরিচালিত হবে, যাতে স্বল্প আয়ের মানুষ সহজেই ন্যায্যমূল্যে ডিম ও মাংস ক্রয় করতে পারেন। উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :