বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


মো: আলী আশরাফ , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পটুয়াখালীর বাউফলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ সময় তিনি বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিসের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ। কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল মোরশেদ মুরাদ।সরকারি এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১০ জন পরিবারের মাঝে ২ বান (১৬ পিস) করে ৯ফিট উচ্চতার টিন প্রদান করা হয়। এবং ৬ হাজার করে টাকা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এ