তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে আজ ভোরে তিনটি দোকান অগ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে আজ ভোরে তিনটি দোকান অগ্নিকাণ্ড


সোহেল রানা, তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে আজ ভোরে তিনটি দোকান অগ্নিকাণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখা যায়। সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা লোকজন আগুন দেখতে পেয়ে বাজারের দিকে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে এরই মধ্যে আগুনে তিনটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়া। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাটের পাশের স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী নাহিবুল ইসলাম বলেন, ‘সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম মোবাইলে বলেন, ‘বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর আমরা পাই ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দিই। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/এস