২০ বছর আগের হত্যা মামলা: দেবিদ্বারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ আটক | Daily AjKaler Kontho

২০ বছর আগের হত্যা মামলা: দেবিদ্বারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ আটক


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
২০ বছর আগের হত্যা মামলা: দেবিদ্বারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ আটক

কুমিল্লা দেবিদ্বার উপজেলার মাশিকাড়া বাজার থেকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ (৩৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ ফার্নিচারের দোকান থেকে তাকে আটক করা হয়।

মোরশেদ উপজেলার কাশারীখোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০০৬ সালের ১ মে কুমিল্লা কোতয়ালী থানা এলাকার সাতোরা গ্রামে রিয়াদ (১৭) নামে এক কিশোর হত্যা মামলার আসামি ছিলেন মোরশেদ। ওই মামলায় ২০২৩ সালে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন।

মোরশেদের স্ত্রী দাবি করেন, তার স্বামী যে কোনো মামলার আসামি ছিলেন—এ বিষয়ে তিনি বা পরিবারের কেউ জানতেন না।

বড় ভাই খোরশেদ আলম জানান, তারা জীবিকার তাগিদে কুমিল্লা শহরের সাতোরা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর তারা গ্রামে ফিরে আসেন। তিনি বলেন, ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছিল, তবে তার ভাই যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত—তা তারা জানতেন না। থানায় গিয়ে তারা জানতে পারেন, তিন বছর আগেই তার ভাইয়ের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দেবিদ্বার থানা জানান—২০২৩ সালে মোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যায়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজেও ফাঁসির রায়ের বিষয়টি জানতেন না।

ওসি আরও বলেন, হঠাৎ ফাঁসির সংবাদ দিলে তিনি হার্ট অ্যাটাক করলে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠতে পারত—তাই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। মামলার বিস্তারিত তথ্য আদালতের নথি থেকে জানা যাবে।