
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (দুপুর ২টা) এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন ও হানিফ হোসেন গংদের সঙ্গে সিদ্দিক মৃধা গংদের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা গংদের লোকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাং (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং মামলা দায়ের করার এক ঘন্টার মধ্যেই আমরা দু’জন আসামী গ্রেফতারে সক্ষম হয়েছি, বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দু’জনকে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :