মহানগর বিএনপির জিয়াউদ্দিন শিকদারকে মেয়র হিসেবে দেখতে চান নগরবাসী | Daily AjKaler Kontho

মহানগর বিএনপির জিয়াউদ্দিন শিকদারকে মেয়র হিসেবে দেখতে চান নগরবাসী


জামাল কাড়াল, বরিশাল : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১:২৩ অপরাহ্ন
মহানগর বিএনপির জিয়াউদ্দিন শিকদারকে মেয়র হিসেবে দেখতে চান নগরবাসী

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নেতাকর্মীদের মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছে বরিশাল মহানগর বিএনপি–র সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নাম। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সমর্থকরা তাকে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নগর রাজনীতিতে সক্রিয় জিয়াউদ্দিন শিকদার সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, জনসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বলে দাবি করা হয়।

নেতাকর্মীরা বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, জিয়াউদ্দিন শিকদার সেই নেতৃত্ব দিতে সক্ষম।

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন তৃণমূল নেতা বলেন, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি দলের আদর্শে অবিচল থেকে নগরবাসীর পাশে থাকবেন। জিয়াউদ্দিন শিকদার ভাইকে আমরা মেয়র পদে দেখতে আগ্রহী।”

তবে দলীয় মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরিবেশ ও দলীয় কৌশল বিবেচনায় প্রার্থী নির্ধারণে একাধিক বিষয় গুরুত্ব পাবে।

নগর রাজনীতিতে জিয়াউদ্দিন শিকদারের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে তার নাম চূড়ান্ত হয় কিনা এবং আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হন কি না।