
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজ-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে ভাষা শহিদদের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। প্রভাতফেরি শেষে কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আকমল হোসেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নীরবতা পালন করে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দিনটি ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল শোকের আবহ, তবু সেই শোকের ভেতরেই ছিল গর্ব—নিজস্ব ভাষা ও সংস্কৃতির অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মরণ করার গর্ব। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :