'স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র' পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার | Daily AjKaler Kontho

‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার


আহমদ বিলাল খান , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাঙ্গামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ভোটাররা নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগের কথা শোনা যাচ্ছে। কোনো ভোটকেন্দ্রে ভোটারকে বের করে দেওয়া, ভোট প্রদানে বাধা দেওয়া বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ আব্দুর রকিব জানান, অভিযোগগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙ্গামাটি থানার অধীনে থাকা ৪১টি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। এসব কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর ভোটারদের উপস্থিতি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

আজকালের কন্ঠ/আর এস/এ বি